কীভাবে রিডিং স্পিড বাড়াবেন?
Speed Reading নিয়ে ইন্টারনেটে অনেক রিসোর্স আছে।
অনেক প্রতিষ্ঠানের কোর্স আছে, অনেকে বই লিখেছেন। এখন অনেক ভালো ভালো Apps ও আছে। যদি আপনি অনেক দ্রুত পড়তে চান তাহলে এর জন্য মাইন্ড ট্রেনিং এবং নিয়মিত চর্চা প্রয়োজন। ধরেন আপনি অনেক ট্রেনিং নিয়েছেন এরপর হয়তো চর্চা করার অভ্যাস ধরে রাখতে পারেননি বা পরিবেশ পাননি তাহলে অন্য যেকোনো স্কিলের তুলনায় এই স্কিল দ্রুত ড্রপ করে।
একাডেমিক কিংবা ক্যারিয়ারে এগিয়ে থাকতে এবং IELTS পরীক্ষায় Reading ও Listening এ যথাযথ সময়ের মধ্যে আত্মবিশ্বাসের সাথে ভালোভাবে পরীক্ষা দিতে আপনার রিডিং স্পিড যতটুক হলেই চলবে তার জন্য হাতে কলম প্রশিক্ষণ হবে এই বইয়ের মাধ্যমে। কোন ধরনের বিশেষ মাইন্ড ট্রেনিং ছাড়াই প্রাকৃতিক উপায়ে আপনি প্রতি মিনিটে প্রায় ৩৫০ থেকে ৪০০ শব্দ পড়তে পারবেন এবং কম্প্রিহেনশন রেট ৭০% এর অধিক থাকবে ইনশাল্লাহ।
কোন একটি দক্ষতা দ্রুত সফলতার সাথে অর্জন করতে হলে একটি টার্গেট সেট করতে হয়। এরপর দরকার একটি কার্যকর একশন প্ল্যান, রিসোর্স এবং ধারাবাহিক একশন।
তাই আমাদের এই প্রোগ্রামে লক্ষ্য হলো প্রতি মিনিটে ৪০০ শব্দ পড়তে পারা। যে রিসোর্সগুলো লাগবে সেগুলো হলো;
১
পড়ার জন্য ভালো একটি পরিবেশ যেমন; পর্যাপ্ত আলো বাতাস, চেয়ার, টেবিল, নিরিবিলি কোন জায়গায় এবং ভালো মানসিক ও শারীরিক অবস্থা।
২
প্র্যাকটিস করার জন্য দুইটি বই (অবশ্যই সহজেই পড়া যায় এবং বইয়ের কনটেন্ট নিয়ে আপনার আগ্রহ আছে)। বাংলা এবং ইংরেজি এমন দুইটি বই সংগ্রহ করবেন যেখানে কোন ছবি থাকবে না। শুধু টেক্সট থাকবে বইয়ের পুরো পাতা জুড়ে। বইয়ের লেখার ফ্রন্ট সাইজ যাতে বেশি বড় না হয় আবার অনেক ছোট না হয়, ক্লাস ৯ এর বাংলা আর ইংরেজি বইয়ের মত সাইজ হলেই সবচেয়ে ভালো হয়। আপনি যেই দুইটি বই বাছাই করবেন সেগুলো শুধু মাত্র রিডিং স্পিড বাড়ানোর প্র্যাকটিস করার জন্য। অন্য কোন উদ্দেশ্য থাকা যাবে না। তাহলে যথাযথ চর্চা হবে না। আপনি যখন স্পিড রিডিং প্র্যাকটিস করবেন তখন ঐ বই দুইটি পড়ার সময় কম্প্রিহেনশনের দিকে ফোকাস করবেন না। শুধু পড়ার দিকে ফোকাস থাকবে।
৩
একটি পেন্সিল; আপনি যখন কোন লাইন দ্রুত পড়বেন তখন চোখের মুভমেন্ট ঠিক রাখার জন্য এবং মনোযোগ ধরে রাখার জন্য পেন্সিলে সহযোগিতা নিতে পারেন চাইলে হাতের আঙুল দিয়েও এই কাজটা করা যায়।
৪
একটি স্কেল: আপনি দ্রুত পড়ার সময় ফোকাস ধরে রাখার জন্য একটি স্কেল ব্যবহার করতে পারেন। বইয়ের যেই পেইজ পড়ছেন তার প্রথম লাইনের উপর স্কেল রাখবেন। এক লাইন পড়া শেষ হতেই স্কেল একটু নিচে নামাবেন যাতে পড়ের লাইন ভালো ভাবে দেখা যায়। এমন স্বচ্ছ চাঁচের কোন স্কেল ব্যবহার করবেন না যে লাইনগুলো দেখা যায়।
৫
একটি ঘড়ি এবং ক্যালকুলেটর; আপনার কাছে মোবাইল ফোন নিশ্চয়ই আছে। এর জন্য এটাই যথেষ্ট। তবে যদি প্র্যাকটিস করার সময় আপনার ফোনে কল আসে বা কোন নোটিফিকেশন আসে তাহলে কিন্তু মনোযোগ বিচ্ছিন্ন হবে অথবা আপনার যদি মোবাইলে আসক্তি থাকে তাহলে হাতের কাছে ফোন না রেখে স্বাভাবিক ঘড়ি দিয়ে কাজ চালানোই উত্তম। নইলে লাভের চেয়ে ক্ষতি বেশী হবে।
এই রিসোর্স মেনেজ হলে আপনার প্রথম কাজ হলো আপনার বর্তমান পড়ার রেট কত তা যাচাই করা এবং আপনার রিডিং রেট যদি কম হয় তাহলে কোন কোন সমস্যাগুলোর কারণে হয় তা খুঁজে বের করা।