আমরা ছোট বেলায় শুনেছি শেরে বাংলা একে ফজলুল হক, একবার কোন কিছু পড়ার পর নাকি বই ছিঁড়ে ফেলতেন বা আর কখনও ভুলতেন না। স্বামী বিবেকানন্দ কোন কিছু একবার পড়লে মনে রাখতে পারতেন। ভারতের দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার বিখ্যাত আলেম আনোয়ার শাহ কাশ্মীরী (র:) একবার মিশরে আল আজহার বিশ্ববিদ্যালয়ে গিয়ে একটি বই পড়েন। বইটি সাথে নিয়ে আসতে চাইলে লাইব্রেরী কর্তৃপক্ষ তাকে বলেন বইটির শুধু একটি কপিই রয়েছে। তাই এটা তাকে দেওয়া যাবে না। এরপর আনোয়ার শাহ কাশ্মীরি (র:) নিজ দেশে এসে ঐ বইটি লিখে মিশরে আল আজহারে পাঠান। লাইব্রেরী কর্তৃপক্ষ বইটি দেখে যাচাই বাচাই করেন। তারা আশ্চর্য হয়ে যান, যে মূল বইয়ের সাথে বিন্দু মাত্র কোন অমিল নেই।

ইমাম বুখারী (র:) যার হাদিসের কিতাব বুখারী শরীফের নাম আমরা কম বেশি সবাই শুনেছি। তার হাদিসের জ্ঞান যাচাই করার জন্য একবার এক ইভেন্টে মানে মজলিশ বসে। সেই মজলিশে ঐ সময়ে হাদিসের উপর যাদের পাণ্ডিত্য ছিল এমন প্রায় ১৩ জন বড় বড় হাদিস বিশারদ ইমাম বুখারী (র:) কে ১৩টি জাল হাদিস ঘুরিয়ে পেঁচিয়ে মানে প্যারাফ্রেজিং করে উপস্থাপন করেন। এখানে তিনি কিন্তু হাদিসগুলো শুধু শুনেছেন, লিখিত আকারে উপস্থাপন করা হয়নি। ১৩ জনের কাছ থেকে জাল হাদিস প্যারাফেজিং আকারে শোনার পর তিনি প্রত্যেককে ঐ জাল হাদিসটি আগে কেমন ছিল মানে এর মূল টেক্সট কি ছিল সেগুলো বলেছেন এবং সেই সাথে সহিহ হাদিসটি কি হবে সেটাও বলে দিয়েছেন। মেধা ও স্মৃতি শক্তির দক্ষতা এবং আমলের কারণে সবাই ইমাম বুখারি (র:) কে হাদিসের বড় ইমাম হিসাবে স্বীকার করে নেন।

এমন আরও মনিষী পৃথিবীতে এসেছেন যাদের পড়ার দক্ষতা ছিল অসাধারণ। কিন্তু তখন আজকের মত এত টেকনোলজি ছিল না, কম্পিউটার ছিল না, Artificial Intelligence ছিল না। আল্লাহ মানুষকে যেই সক্ষমতা দিয়েছেন তার চর্চা করার অনেক সুযোগ ছিল। আজ আমরা পৃথিবীর এমন এক পর্যায় এসে পৌঁছেছি যেখানে একজন মানুষ টেকনোলোজির উপর এই পরিমাণ নির্ভরশীল যে চাইলেও নিজের মধ্যে সৃষ্টিকর্তা যে সক্ষমতা দিয়েছেন তার চর্চার সুযোগ নেই। এখন যে Artificial Intelligence-এর যুগ এসেছে ভবিষ্যতে মেধার চর্চা করা আরও সম্ভব না। কিন্তু একবার ভেবে দেখেন তো! আপনার ব্রেইন ইমাম বুখারি (র:) মতো আর একই সাথে আপনার কাছে টেকনোলজির পাওয়ার আছে তাহলে কি হতো।

প্রযুক্তির অপব্যবহার এবং ব্যবহারের দক্ষতা না থাকার কারণে কিংবা শিক্ষা প্রতিষ্ঠান বা পরিবার থেকে না শিখানোর কারণে আমরা বরং দিনে দিনে নিজেদের ক্ষতি করছি। সবচেয়ে বেশি মেমরির ক্ষতি হয় সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে স্ক্রলিং-এর দ্বারা। আপনার স্মৃতিশক্তি ও মনোযোগের এত বড় ক্ষতি আজ পর্যন্ত কেউ করেনি, যা একাই Facebook করেছে এবং প্রতিনিয়ত করছে। যদি আপনি আসলেই নিজের উন্নতি চান তাহলে প্রযুক্তির ব্যবহারে সতর্ক হন।