IELTS প্রস্তুতিতে বাংলাদেশের শিক্ষার্থীরা যেসব চ্যালেঞ্জের সম্মুখীন হয়?
১। ইংরেজির দুর্বল বেসিক নিয়েই প্রস্তুতি নেওয়া।
পরীক্ষাকেন্দ্রীক পড়াশোনা করার কারণেই মূলত ইংরেজির বেসিক দুর্বল হয়। অনেকে হয়তো ইংরেজি সাবজেক্টের পরীক্ষায় পাশ করে বা ভালো নম্বর পায়। কিন্তু শিক্ষাজীবনের শুরু থেকেই এমন দুর্বলতা নিয়ে পড়াশোনা শেষ করে। ফলে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা কিংবা IELTS পরীক্ষার প্রস্তুতি অনেকটা কঠিন মনে হয়।
২। চর্চা না করা ও সুযোগ না পাওয়া।
আমাদের প্রায় অধিকাংশেরই দৈনন্দিন জীবনে ইংরেজিতে কোনো কিছু তেমন একটা পড়া হয় না। অনেকের হয়তো পড়া ও শোনা হলেও ইংরেজি বলা বা লেখা হয় খুবই কম। এতে জড়তা বেড়ে যায় অনেক। দেখা যায় ইংরেজি শুনে ঠিক বুঝতে পারে কিন্তু বলতে গেলে ঘাম ঝরে যায়। অনেক সাধারণ জিনিসেও সমস্যা থাকে। কিন্তু যাদের চাকুরি কিংবা ব্যবসার কাজে বা পড়ানোর জন্য হলেও ইংরেজির সাথে থাকতে হয় তাদের কথাটা ভিন্ন। তাদের চর্চা থাকার কারণে খুব সহজেই IELTS বা অন্যান্য ইংরেজি দক্ষতা যাচায়ের পরীক্ষায় সহজেই প্রস্তুতি নিতে পারেন। কিন্তু যাদের চর্চা নেই বা সুযোগ কম তাদের কাছে সাধারণ ইংরেজিতে কথোপকথন অনেকটাই কষ্টসাধ্য মনে হয়।
৩। পর্যাপ্ত ভোকাবুলারি না জানা বা কম জানা।
স্কুল জীবন থেকে কলেজ পেরিয়ে বিশ্ববিদ্যালয় শেষ করার পরও আমাদের ভোকাবুলারির ভাণ্ডারে খুব বেশি শব্দ মজুদ থাকে না। এর বড় কারণ হলো, আমাদের কাজ চালিয়ে নেয়ার জন্য যতটুকু ভোকাবুলারি লাগে এর বেশি আর আমরা শিখি না অথবা দরকার হয় না। এইজন্য আমাদের জানার গণ্ডির বাহিরে কোন শব্দ আসলে আমরা তার অর্থ বুঝি না। ফলে প্রায়ই রিডিং প্যাসেজ আমাদের কাছে অনেক কঠিন মনে হয় আবার শুনেও অর্থ ধরতে পারি না। তাই সঠিক উত্তর বাছাই করা সম্ভব হয়না। এছাড়াও ইংরেজি বলার বা লেখার ক্ষেত্রে একই শব্দ আমরা বার বার ব্যবহার করি। এই কাজটা ইংরেজিতে কিছু লেখা বা বলার মান অনেকাংশে কমিয়ে দেয়।
৪। জটিল এবং বড় বড় বাক্যের অর্থ বুঝতে না পড়া।
এই সমস্যাটা আমাদের প্রায় অনেকেরই আছে। একটি বাক্য যদি একটু বড় হয় বা জটিল হয় অর্থাৎ কয়েকটি Clause যদি সাথে থাকে তাহলে ঐ বাক্যের অর্থ বুঝতে পারি না। আবার বাক্যের অর্থ কিছুটা ধরতে পারলেও, বাক্যের মাঝে কোন শব্দের অর্থ না জানার কারণে পুরো বাক্যে লেখক কি বুঝিয়েছেন তা আর বোঝা সম্ভব হয় না। IELTS পরীক্ষায় রিডিং প্যাসেজের মধ্যে যখন বড় বড় বাক্য থাকে আর সাথে অজানা ভোকাবুলারি তখন মাথা কেমন যেন আর কাজ করতে চায় না। অনেকের হতাশার একটা বড় কারণ হলো বড় বড় জটিল বাক্য।
৫। ভুল গাইডলাইন ও স্টাডি প্ল্যান ফলো করা।
অনেকেই নিজের প্রকৃত দুর্বলতা না বুঝে স্টাডি প্ল্যান করে। রোগ নির্ণয়ে ভুল হলে চিকিৎসা যত ভালোই হোক না কেন রোগ আর ভালো হবে না। ভুল স্টাডি প্ল্যান হলে পরিশ্রম অনেক করেও আশানুরূপ ফলাফল আসে না। একটি উদাহরণ দিলে বিষয়টা পরিষ্কার হবে। যেমন ধরুন কোন এক শিক্ষার্থীর ইংরেজি পড়ে মূল ভাব বুঝতে পারে না বা ধরতে পারে না, লেখক কি বোঝাতে চেয়েছেন এটা বুঝতে পারে না।এখন এই ছাত্রকে যদি গাইডলাইন দেয়া হয় প্রচুর পরিমাণে ইংরেজি জার্নাল, নিউজ পেপার কিংবা উপন্যাস পড়তে তাহলে কি তার ইংরেজি বোঝার দক্ষতা বাড়বে? তেমন একটা না। আগে তাকে ইংরেজি বাক্যের গঠন বুঝতে হবে, কীভাবে একটা বাক্যের কোর ( মূল অর্থ Subject আর Verb-এর ফাংশন) বের করা জানতে হবে। এটা না বুঝে অনেক ইংরেজি বই পড়লেও ব্যাপক ফায়দা আসবে না। কিন্তু বাক্যটির Subject আর Verb -এর কাজটি কি এগুলো বুঝে বুঝে অল্প পড়লে ব্যাপক ফায়দা হাসিল করা যাবে।
এমন আরও একটি উদাহরণ দেই: অনেকেই লিসেনিং এ ভালো করার জন্য ইংলিশ মুভি, নাটক, নিউজ চ্যানেল দেখতে বলেন। কিন্তু IELTS লিসেনিং এর টেস্টে কিন্তু আপনি কোন ভিডিও দেখেন না শুধু অডিও শুনেন। যখন আপনি ভিডিও দেখেন তখন আপনার ব্রেইন কিন্তু শুধুই লিসেনিং এ মনোযোগ দিতে পারে না বরং ভিডিও কনটেন্টে মন চলে যায়। বিভিন্ন রকমের মিউজিক এবং ইফেক্ট থাকে। আর এখানে যে ধরনের লিসেনিং আপনারা শোনেন তার সাথে IELTS পরীক্ষার লিসেনিং এর কোনই মিল নেই। আপনি যদি IELTS পরীক্ষার লিসেনিং এ ভালো করতে চান , তাহলে আপনাকে IELTS পরীক্ষায় যেমন অডিও শোনা লাগে ঠিক তেমন অডিও শুনে প্র্যাকটিস করা উচিত। এতে আপনার ফায়দা বেশি হবে।
৬। ভুল রিসোর্স দিয়ে প্রস্তুতি শুরু করা।
এখন তথ্য বিপ্লবের এবং অধিক হারে কন্টেন্ট ক্রিয়েটরের কারণে প্রচুর ফ্রি তথ্য পাওয়া যায়। যার বেশির ভাগই তেমন কাজের না কিংবা অপতথ্য ও ভুল তথ্য। যখন একজন নবীন শিক্ষার্থী, যার এই জগত নিয়ে তেমন জানাশোনা নেই সে কোন বিষয়ে জানার জন্য গুগল বা ইউটিউবে সার্চ করে। যেহেতু তার ঐ বিষয়ে তেমন ভালো জানাশোনা নেই তাই খুব সহজেই মিস ইনফরমেশনের শিকার হয়ে মিস লিডিং হতে হয়।
IELTS প্রস্তুতির জন্য বাজারে এতো বই আর ইন্টারনেটে এতো হাজার হাজার রিসোর্স আছে, কেউ চাইলে সারা জীবন পড়ে বা ভিডিও দেখে শেষ করতে পারবে না। কিন্তু এর অধিকাংশই তেমন ইফেক্টিভ না। এর ফলে যারা শূন্য থেকে IELTS প্রস্তুতি নিতে চায় তাদের প্রোডাক্টিভ রিসোর্স পেতে অনেক দিন ঘাঁটাঘাটি করতে হয় এবং অনেক ভুল করে, অনেক সময় দেওয়ার পর হয়ত সঠিক তথ্য কিংবা রিসোর্স খুঁজে পায়। এতে প্রচুর সময় এবং শ্রম নষ্ট হয় যা নিশ্চিত হতাশা এমনকি মাঝ পথে ছেড়ে দেয়ার প্রবণতা বাড়ায় ব্যাপক ভাবে।
৭। মার্কেটিং এর ধাপ্পাবাজির শিকার।
করোনা ভাইরাসের কল্যাণে যখন বিশ্বে ইন্টারনেট ও তথ্য প্রযুক্তির ব্যবহার অতি মাত্রায় বৃদ্ধি পেয়েছে ঠিক তখনই ডিজিটাল মার্কেটিং এর বাজার ফুলে ফেঁপে উঠেছে অবিশ্বাস্য হারে। প্রায় প্রতিদিন গুগলে প্রায় ৩০ বিলিয়ন এড দেয়া হয়। একজন টার্গেট কাস্টমারকে প্রডাক্ট বা সেবা গ্রহণ করাতে বিজ্ঞাপনগুলো এমন ভাবে করা হয় যেন আপনার মনোযোগ তাদের কাছে সাত রাজার ধন। বিজ্ঞাপনে ক্রেতার মনোযোগ আকর্ষনের জন্য অনেকেই বেশ ধূর্ত পদ্ধতির আশ্রয় নেয়। এরফলে ব্যাপক মিথ, ভুল তথ্য ছড়ানো এবং কনফিউশন তৈরি হয় ইচ্ছায় এবং অনিচ্ছায় দুই ভাবেই। IELTS প্রস্তুতির জার্নিতে একজন বিগেনেইনার খুব সহজেই মার্কেটিং এর ধাপ্পা বাজির খপ্পরে পড়েন।
৮। IELTS অথোরিটির কিছু গোপনীয়তা।
প্রতি বছর সারা পৃথিবীতে প্রায় ৩০ লাখের বেশি মানুষ IELTS পরীক্ষা দেয়। শুধু এই একটি পরীক্ষাকে কেন্দ্র করে কয়েক বিলিয়ন ডলারের ব্যবসা চলে। এর সবচেয়ে বড় কাস্টমার এখন এশিয়া আর আফ্রিকার মানুষজন। উন্নত জীবনের প্রত্যাশায় ইমিগ্রেশন কিংবা উচ্চশিক্ষার জন্য অনেকেই এখন ইউরোপ বা আমেরিকার দেশগুলোতে পাড়ি জমাতে প্রচন্ড আগ্রহী। তাই এতো বড় একটি মার্কেটে নিজেদের ব্যবসা টিকিয়ে রাখার জন্য অনেক প্রশ্নেরই একদম ক্লিয়ার উত্তর সরাসরি প্রকাশ করে না।তাই IELTS নিয়ে অটোমেটিক ভাবে তৈরি হয় অনেক মিথ। এর ফলে অনেক প্রশ্নের ভুল ব্যাখ্যা ছড়িয়ে পড়ে।
৯। একজন সৎ ও দক্ষ মেন্টরের অভাব।
IELTS পরীক্ষায় ভালো করার জন্য যথোপযুক্ত ফিডব্যাক এবং গাইডলাইনের কোন বিকল্প নেই। একজন দক্ষ এবং ভালো মেন্টর নিশ্চয়ই প্রিমিয়াম কোয়ালিটির সেবা দিবেন। তাই খুব স্বাভাবিক ভাবেই তার সম্মানী অনেক বেশি হবে। ফ্রিতে সেবা আর প্রিমিয়াম সেবা কখনও এক হতে পারে না। তাই যাদের আর্থিক অবস্থা খুব বেশি একটা ভালো না কিংবা অল্পতে বেশি সেবা পাওয়ার লোভ আছে তারা এক্সপার্ট এবং ভালো মেন্টরের এক্সেস পায় না। ফলে মাসের পর মাস IELTS প্রস্তুতি নিয়েও ভালো স্কোর আসে না অনেকেরই।
১০। উপযুক্ত স্টাডি পার্টনারের অভাব।
ভালো স্টাডি পার্টনার এখন যেন সোনার হরিণ। অনেকেই একা একা প্রস্তুতি নিতে গিয়ে এমন একাই হয়ে যায় যে কিছুদিন পরে আর খুঁজে পাওয়া যায় না। মনে মনে আশা করে যদি কেউ আমার একটু খোঁজ নিতো কিংবা কারো সাথে যদি একটু IELTS নিয়ে কথা বা ডিসকাস করতে পারতাম। যদিও ইন্টারনেটের কারণে বিশ্ব এখন একটা গ্রামের মত হয়ে গেছে কিন্তু ভালো বন্ধু খুঁজে পাওয়া মধ্যযুগের থেকেও বেশি কঠিন হয়ে গেছে। একজন ভালো স্টাডি পার্টনার না থাকার শুন্যতা আমাদের IELTS প্রস্তুতির জার্নিকে করে তুলে অনেক বেশি চ্যালেঞ্জিং।